দপ্তর ছাড়লেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার

দায়িত্ব শেষ হওয়ার আট দিন পর চাবি ও আসবাবপত্র হস্তান্তর; রাবি সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্মে সক্রিয় থাকার ঘোষণা।
রাবি প্রতিনিধি : দায়িত্ব শেষ হওয়ার আট দিন পর অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) দপ্তর ছেড়েছেন সংগঠনটির ১৭তম সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দপ্তর ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।
সালাহউদ্দিন আম্মার জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি অনুযায়ী ৪ নভেম্বর রাকসুর চাবি ও আসবাবপত্র হস্তান্তরের কথা ছিল। নির্ধারিত দিনে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি দপ্তর ছেড়েছেন। শেষ সময়টি গত এক বছর তাঁর সঙ্গে কাজ করা রাকসুর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কাটিয়েছেন বলেও জানান তিনি।
নিজের বিদায়বার্তায় আম্মার রাকসুর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে করা ভুলত্রুটির জন্য ক্ষমা চান। শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হওয়ার অভিজ্ঞতাকে জীবনের বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।
দপ্তর ছাড়লেও শিক্ষার্থীদের অধিকার ও বিশ্ববিদ্যালয়ের সংস্কার নিয়ে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আম্মার। তাঁর ভাষ্য অনুযায়ী, পরবর্তী রাকসু নির্বাচন এবং বিগত ৯ দফা আন্দোলনের কার্যক্রম ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মের মাধ্যমে অব্যাহত থাকবে।
এ ছাড়া শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। শিক্ষার্থীদের আর্থিক সমস্যার সমাধানে ‘নভোকালচার’ প্ল্যাটফর্মের মাধ্যমে উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন সাবেক এই জিএস।
উল্লেখ্য, রাকসুর কোষাধ্যক্ষের চিঠি অনুযায়ী দায়িত্ব শেষ হওয়ার আট দিন পর বুধবার দপ্তরের চাবি ও আসবাবপত্র হস্তান্তর করেন সালাহউদ্দিন আম্মার।






