মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা চুক্তি ও খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
টুইট প্রতিবেদক: এক দিনের সরকারি সফরে বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে তিনি মোংলায় পৌঁছান। এর আগে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি।
মোংলায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এবং স্থানীয় সংসদ সদস্যরা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিনিয়োগ সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এ সমঝোতায় অংশ নেবে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন।
মোংলায় নির্ধারিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।






