রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বর্তমান ডিআইজি আশিক সাঈদ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, নতুন দায়িত্বে মীর আশরাফ আলী।

রাজশাহী প্রতি‌নি‌ধি: বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন পেয়েছেন অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মীর আশরাফ আলী। অন্যদিকে রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

চলতি বছরের ১১ জুলাই রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগদান করেছিলেন মো. আশিক সাঈদ। দায়িত্ব পালনের কয়েক মাসের মধ্যেই তাঁকে নতুন কর্মস্থল গাজীপুর মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হলো।

নতুন ডিআইজি মীর আশরাফ আলী ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন তিনি। তাঁর পৈতৃক বাড়ি বগুড়া সদর উপজেলায়। দীর্ঘ কর্মজীবনে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা।
কর্মজীবনের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার পদে দীর্ঘ ১৬ বছর পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পর্যায়ক্রমে পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি পদে উন্নীত হন।

এর আগে তিনি স্পেশাল ব্রাঞ্চ (এসবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং রেলওয়ে পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এসবি ও সিটিটিসিতে দায়িত্ব পালনকালে তিনি পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতার পরিচয় দেন।

পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) লাভ করেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।

শিক্ষাজীবনে মীর আশরাফ আলী বগুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে মীর আশরাফ আলীর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।