রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পর্যটন মেলা ও খাদ্য উৎসব উদ্বোধন

দক্ষ মানবসম্পদ গঠনে পর্যটন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: উপাচার্য
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদুল ইসলাম বলেছেন, পর্যটন মেলা ও খাদ্য উৎসব আয়োজন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে। একই সঙ্গে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের সুযোগ সৃষ্টি করে।
তিনি বলেন, প্রতিযোগিতামূলক পর্যটন শিল্পের উপযোগী দক্ষ, উদ্ভাবনী ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নের মাধ্যমে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে।
বুধবার (৪ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চতুর্থ ট্যুরিজম ফেয়ার অ্যান্ড ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ট্যুরিজম বোর্ডের সাবেক প্রধান নির্বাহী জাবেদ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আব্দুল আলিম এবং কোষাধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জাহিদ হোসেন মিল্কী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।






