তারাগঞ্জে এইচএসসিতে একমাত্র জিপিএ-৫ অর্জন মন্দ্রিরার

তারাগঞ্জে মানবিক বিভাগ থেকে একমাত্র জিপিএ-৫ অর্জন, সাফল্যে খুশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান

তারাগঞ্জ প্রতিনিধি : এসএসসি পরীক্ষায় জিপিএ-৩.৮৯ পেয়ে প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে হতাশ হয়ে থেমে যাননি রংপুরের তারাগঞ্জ উপজেলার মন্দ্রিরা রানী। নতুন উদ্যমে পড়াশোনা চালিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অর্জন করেছেন জিপিএ-৫। উপজেলার সাধারণ শিক্ষা বোর্ডের অধীন কলেজ শাখায় মানবিক বিভাগ থেকে তিনিই একমাত্র জিপিএ-৫ অর্জনকারী।

মন্দ্রিরা রানী উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত গ্রামের বাসিন্দা। তাঁর বাবা স্বপন কুমার রায় এবং মা স্মৃতি বর্মন রায়। তিনি তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ২৭৪৩৫৫ রোল নম্বরে অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেন।

এর আগে ২০২৪ সালে তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৩.৮৯ পেয়েছিলেন মন্দ্রিরা। প্রত্যাশিত ফল না পেলেও পড়াশোনায় আগ্রহ হারাননি। বরং আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রস্তুতি চালিয়ে যান।

নিজের অনুভূতি জানিয়ে মন্দ্রিরা রানী বলেন, এসএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় খুব মন খারাপ হয়েছিল। তবে তিনি হাল ছাড়েননি। এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে আনন্দিত। এ সাফল্যের জন্য সহযোগিতা ও উৎসাহদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তারাগঞ্জ ওয়াক্ফ এস্টেট সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিধান চন্দ্র রায় বলেন, মন্দ্রিরার এ অর্জন কলেজের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তার একাগ্রতা, পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই এ সাফল্য এসেছে। তিনি মন্দ্রিরার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

মন্দ্রিরার সাফল্যে আনন্দিত তাঁর গ্রামের মানুষও। তাঁদের মতে, এসএসসিতে প্রত্যাশিত ফল না পেয়েও হাল না ছেড়ে এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করে তিনি অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।