আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, সড়কে যান চলাচল ব্যাহত

টুইট ডেস্ক : ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। শ্রমিকেরা ইটপাটকেল ছুড়ে প্রতিরোধের চেষ্টা করেন।

সকাল ৮টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া, নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা শারমিন গ্রুপের কারখানার সামনে জড়ো হন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা শারমিন গ্রুপের প্রধান ফটকের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কের পাশে থাকা বিভিন্ন প্লাস্টিকজাতীয় বস্তুতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা।

পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দিলে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তালেব বলেন, সকাল থেকেই শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নরসিংহপুর এলাকায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।