চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে আপত্তি নেই অভিনেত্রীর

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন জানিয়েছেন, সিনেমায় সাহসী বা খোলামেলা দৃশ্যে অভিনয় করতে তাঁর কোনো আপত্তি নেই। তবে শুধু গ্ল্যামার কিংবা দর্শকের নজর কাড়ার জন্য এমন দৃশ্যে অভিনয় করতে চান না তিনি। গল্প ও চরিত্রের প্রয়োজনীয়তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন এই অভিনেত্রী।

টুইট প্রতিবেদক; সম্প্রতি ‘ককটেল ২’ সিনেমায় কৃতির বিকিনি পরা দৃশ্য প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর আগে কোনো সিনেমায় তাঁকে এমন পোশাকে দেখা যায়নি। ফলে হঠাৎ এমন পরিবর্তনের কারণ নিয়ে কৌতূহল তৈরি হয় দর্শকদের মধ্যে।

সম্প্রতি এক আলোচনায় নিজের অভিনয়জীবন ও পর্দায় উপস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টি পরিষ্কার করেন কৃতি। তিনি জানান, এত দিন বিকিনি পরা বা সাহসী দৃশ্যে অভিনয় না করার পেছনে কোনো বিশেষ আপত্তি কিংবা বাধা ছিল না। বরং গল্পের সঙ্গে দৃশ্যটির সামঞ্জস্য রয়েছে কি না, সেটিই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

কৃতির মতে, কেবল সাহসী বা আকর্ষণীয়ভাবে পর্দায় হাজির হওয়ার উদ্দেশ্যে কোনো দৃশ্যে অভিনয় করা উচিত নয়। চরিত্রের স্বাভাবিকতা ও গল্পের প্রয়োজনে এমন দৃশ্য থাকলে তাতে আপত্তির কারণ নেই।

পর্দায় নিজেকে কীভাবে উপস্থাপন করবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন অভিনয়শিল্পীর নিজের থাকা উচিত বলেও মনে করেন তিনি। এ ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী।

শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি স্যানন অভিনীত ‘ককটেল ২’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্যে পায়নি। তবে সিনেমায় কৃতির নতুন সাজ ও বিকিনি লুক দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।