গাইবান্ধায় অবৈধ গ্যাস মজুত, ব্যবসায়ীসহ দণ্ডিত ৩ জন

দুটি প্রতিষ্ঠানে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা; জব্দ করা হয়েছে ২৫ হাজার লিটার গ্যাস।
টুইট প্রতিবেদক: গাইবান্ধায় অবৈধভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মজুতের দায়ে এক ব্যবসায়ী ও তাঁর প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা এবং ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় পৃথক দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। এম এস ফিলিং স্টেশনে অবৈধভাবে ১৩ হাজার লিটার গ্যাস মজুতের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মনিরুজ্জামানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মজুত করা গ্যাস জব্দ করা হয়।
অন্যদিকে, গাইবান্ধা এলপিজি ফিলিং স্টেশন (ওমেরা অটো গ্যাস) নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম। অবৈধভাবে গ্যাস মজুতের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দ করা হয় ১২ হাজার লিটার গ্যাস।
রোববার সন্ধ্যায় অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, অবৈধভাবে গ্যাস মজুতের দায়ে একজন ব্যবসায়ী ও তাঁর প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মজুত করা গ্যাস জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, অবৈধ মজুত বন্ধ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






