এনসিপির ক্রীড়া সংগঠনের দায়িত্বে ফাহিম ও নাজমুল

আহ্বায়ক হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম, সদস্যসচিব এম. নাজমুল ইসলাম; সোমবার বিকেলে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।

টুইট প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ (এনএসএ)। সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিব হচ্ছেন বিসিবির আরেক পরিচালক এম. নাজমুল ইসলাম।

রোববার (১ নভেম্বর) রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (২ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে বিসিবির সাবেক অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম বলেন, এটি কোনো রাজনৈতিক ব্যানারে পরিচালিত সংগঠন নয়। দেশের বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী ও সংগঠকদের একসঙ্গে নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে তিনি ও নাজমুল আবেদীন ফাহিম দায়িত্ব পালন করবেন। পরে সংগঠনটির কার্যক্রম ও পরিসর ধীরে ধীরে বাড়ানো হবে।

এনসিপির বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের ৩ডি সেমিনার হলে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান বক্তা থাকবেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নতুন এই সংগঠনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের এক ছাতার নিচে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।