ডেঙ্গুতে প্রাণ গেল জুলাই যোদ্ধা বেরোবি শিক্ষার্থী চন্দনের

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা চন্দন সূত্রধর ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; মাথায় ছিল এখনো গুলির ক্ষত।
টুইট প্রতিবেদক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা চন্দন সূত্রধর। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাই আনন্দ সূত্রধর।
চন্দন সূত্রধর বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। জুলাই অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। তাঁর মাথায় এখনো গুলি রয়েছে বলে জানিয়েছেন সহপাঠী ও শিক্ষকরা।
চন্দন মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসিন্দা। তাঁর বাবা অনীল সূত্রধর এবং মা সন্ধ্যা সূত্রধর।
বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করে সহপাঠী আজিজুর রহমান বলেন, ডেঙ্গুতে বন্ধুকে হারাতে হবে, তা কখনো কল্পনাও করেননি। প্রাণবন্ত একজন মানুষের এভাবে অকালে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তাঁর মৃত্যুতে তাঁরা একজন প্রিয় বন্ধুকে হারিয়েছেন, যার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, ডেঙ্গু এখন আর সাধারণ কোনো রোগ নয়; এটি ভয়াবহ প্রাণঘাতী হয়ে উঠেছে। এ রোগ প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি, যাতে আর কোনো পরিবারকে প্রিয়জন হারাতে না হয়।
চন্দনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তাঁর বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ত্বহা হুসাইন। তিনি বলেন, খবরটি শুনে তিনি মর্মাহত। চন্দন খুব ভালো ছেলে ছিলেন এবং তিনি একজন জুলাই যোদ্ধাও ছিলেন। মাঝেমধ্যে তাঁর সঙ্গে কথা হতো। হঠাৎ তাঁর চলে যাওয়া বিশ্বাস করা কঠিন।
চন্দনের অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






