রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার

রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহযোগিতা চাইলেন স্পিকার।

টুইট ডেস্ক: ভোলাসহ দেশের উপকূলীয় সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে নরওয়ের কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে দেশটির সক্রিয় সহযোগিতা চেয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) সংসদ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব আহ্বান জানান স্পিকার।

সাক্ষাতে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকেই বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সংসদীয় গণতন্ত্রের বিকাশেও নরওয়ে ধারাবাহিক সহযোগিতা দিয়ে আসছে।

বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, বিগত ১৭ বছরের শাসনামলে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। ওই সময়ে নির্বাচন, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে নানা ঘটনা ঘটেছে। তবে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন পথ তৈরি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে অভিহিত করে তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে স্পিকার বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো সমর্থন প্রয়োজন। এ ক্ষেত্রে নরওয়েসহ ইউরোপের দেশগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদানের প্রশংসা করেন। তিনি জানান, সংসদীয় গণতন্ত্র সুসংহত করা এবং মানবাধিকার সুরক্ষায় নরওয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।

বৈঠকে দুই দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, বিশ্বশান্তিতে অবদান, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম এবং জুলাই সনদ নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় সমুদ্রসীমায়, বিশেষ করে ভোলায়, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে নরওয়ের বিভিন্ন কোম্পানিকে এগিয়ে আসার আহ্বান জানান স্পিকার।

সাক্ষাৎকালে নরওয়ে দূতাবাসের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।