পুরোনো ভিডিও বিকৃত করে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান

আরাকান আর্মিকে ইউপিডিএফ পরিচয়ে প্রচার, বিজিবির সতর্কবার্তা। এক বছরের পুরোনো ভিডিও নিয়ে বিভ্রান্তি।
বান্দরবান প্রতিনিধি: এক বছরেরও বেশি আগের একটি ভিডিও বিকৃতভাবে উপস্থাপন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিজিবি। পুরোনো ঘটনাকে নতুন হিসেবে প্রচার এবং সশস্ত্র গোষ্ঠীর পরিচয় পরিবর্তন করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হঠাৎ করেই বিজিবির মুখোমুখি ইউপিডিএফ! অবৈধ অস্ত্রসহ…’ শিরোনামে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। ভিডিওতে দেখানো ঘটনাটি ২০২৫ সালের ১ অক্টোবর বান্দরবানের থানচির বংকুপাড়া শূন্যরেখা এলাকায় ঘটেছিল। এতে যাদের দেখা যাচ্ছে, তারা পার্বত্য চট্টগ্রামের ইউপিডিএফ সদস্য নন; বরং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্য।
ঘটনার বিবরণ দিয়ে বিজিবি জানায়, ২০২৫ সালের ১ অক্টোবর আরাকান আর্মির একটি দল সীমান্তের শূন্যরেখা অতিক্রম করলে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে ৩৮ সদস্যের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় বিজিবি সদস্যরা প্রথমে মৌখিকভাবে সতর্ক করেন। পরে প্রয়োজনীয় বলপ্রয়োগের মাধ্যমে দলটিকে মিয়ানমারের অভ্যন্তরে ফেরত পাঠানো হয়।
বিজিবি আরও জানায়, ওই ঘটনার ভিডিও ২০২৫ সালের ১৩ অক্টোবর দৈনিক জনকণ্ঠের ফেসবুক পেজ এবং দেশ টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছিল। অথচ পুরোনো ভিডিওটি নতুন ঘটনার মতো উপস্থাপন করে সশস্ত্র গোষ্ঠীর পরিচয় পরিবর্তনের মাধ্যমে ইউপিডিএফের সঙ্গে জড়ানো হচ্ছে।
বিজিবির মতে, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।
প্রেস বিজ্ঞপ্তিতে মিয়ানমারের বর্তমান সীমান্ত পরিস্থিতি তুলে ধরে বলা হয়, রাখাইন রাজ্যে দেশটির সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ সীমিত। আরাকান আর্মিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় সীমান্ত পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এসব গোষ্ঠীর নির্দিষ্ট কোনো ইউনিফর্ম না থাকায় তাদের সদস্যদের সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
এমন পরিস্থিতিতে সীমান্তে বিজিবি অত্যন্ত সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দেশের সীমান্ত সুরক্ষা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে সংস্থাটি বিভ্রান্তিকর ভিডিও ও অপপ্রচার থেকে সতর্ক থাকার পাশাপাশি যাচাই ছাড়া কোনো তথ্য বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছে।
সূত্র: বিজিবির প্রেস বিজ্ঞপ্তি।






