গাজীপুরে তৃতীয় দিনেও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈর এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

টুইট প্রতিবেদক: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরাও মহাসড়কের দিকে জড়ো হতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার থেকে জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। পরিস্থিতি বিবেচনায় সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে। কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বিজিবি সদস্যরা।

শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন এবং মহাসড়ক অবরোধের ঘটনায় শিল্পাঞ্চলের স্বাভাবিক কার্যক্রম ও সড়ক যোগাযোগে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।