সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার: ডিআইজি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেপ্তার: ডিআইজি
কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানের কথা জানিয়ে সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীদের রাস্তায় পাওয়া গেলে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।
টুইট প্রতিবেদক: শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনবিষয়ক এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে ডিআইজি বলেন, সন্তানদের ওপর পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে। যে বয়সে শিক্ষার্থীদের বই-খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা, সে সময়ে তাদের অনেককে বিকেল থেকেই রাস্তায় ঘুরে বেড়াতে এবং নানা ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা যায়।
তিনি প্রশ্ন তুলে বলেন, এসব ছেলে-মেয়ে কার জন্য নষ্ট হচ্ছে? পারিবারিক শাসন ও নজরদারি কোথায়? পরিবারে যথাযথ শাসন থাকলে কিশোর গ্যাং গড়ে ওঠার সুযোগ তৈরি হতো না।
কিশোর গ্যাং নির্মূলে পুলিশের কঠোর অবস্থানের কথা জানিয়ে আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়া যায়, তাহলে তাদের ধরা হবে, গ্রেপ্তার করা হবে।’
তিনি আরও বলেন, কিশোর গ্যাংকে দেশ থেকে পুরোপুরি নির্মূল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে পুলিশের প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান। বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, কক্সবাজার শহরে বহুমাত্রিক অপরাধ সংঘটিত হয়। সাম্প্রতিক সময়ে জেলা পুলিশ অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিয়েছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।






