১৫ বছরে ৩৮ জনকে হত্যা ও খাওয়ার অভিযোগ, উগান্ডায় সন্দেহভাজন গ্রেপ্তার

মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় হত্যাকাণ্ডের অভিযোগ; পুরোনো মামলাগুলো পুনরায় খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক ডেস্ক: উগান্ডায় ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে ৩৮ জনকে হত্যা ও তাঁদের দেহাবশেষ খাওয়ার অভিযোগে মোজেস মুজুরিজি নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা গত ২৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান। তাঁর দাবি, মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব হত্যাকাণ্ড ঘটেছে।

উগান্ডার সংবাদমাধ্যম ডেইলি মনিটর জানিয়েছে, একই ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহভাজনকে অতীতেও গ্রেপ্তার করা হয়েছিল। ২০১২ ও ২০১৩ সালে মাসাকা অঞ্চলে ধারাবাহিক হত্যাকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পেন্টেকোস্টাল যাজক স্টিভেন মুগাম্বের পরিবারের নয় সদস্য হত্যার ঘটনাও ওই সময় আলোচনায় আসে।

তবে সামরিক প্রধানের ঘোষণায় ৩৮ জনের নাম বা হত্যাকাণ্ডগুলোর বিস্তারিত প্রমাণ দেওয়া হয়নি। সাম্প্রতিক প্রতিবেদনে অভিযুক্তের নামের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে।

মোজেস মুজুরিজি, ফ্রেড মুজুলিজি ও কুলাইশ কামুগিশা একই ব্যক্তি কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি।

সূত্র: ডেইলি মনিটর, চিম্প রিপোর্টস, পালস উগান্ডা।