আগামীর সরকার নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির বিরুদ্ধে তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ, স্থানীয় সরকার নির্বাচনেও এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির

টুইট ডেস্ক: আগামীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে এবং নাহিদ ইসলামের নেতৃত্বে সরকার গঠন করা হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে যেভাবে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই নেতৃত্ব এখনো নীরব রয়েছে। তবে আগামীতে নাহিদ ইসলামের নেতৃত্বেই সরকার গঠন হবে। ইনশাআল্লাহ, এনসিপির নেতৃত্বেই আগামীর সরকার প্রতিষ্ঠিত হবে।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, তরুণদের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখানো হলেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। বিএনপি এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত আট মাসে উল্টো এক কোটি তরুণের কর্মসংস্থানের সম্ভাবনা নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তা করতে ব্যর্থ হলে এনসিপি ক্ষমতায় গিয়ে তরুণদের দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে।

ঢাকার উন্নয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা নতুন করে ঢাকাকে গড়ে তুলতে চান। তবে বর্তমান সরকার সিন্ডিকেট, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব ভাঙতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, বর্তমানে সন্ত্রাসীদের পুরস্কৃত করা হচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সেই প্রতিশ্রুতি থেকে তারা একচুলও সরে যাবেন না। বরং দ্বিগুণ গতিতে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করবেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেবে। ইতোমধ্যে কয়েকটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যারা কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার বিভিন্ন পদে নির্বাচন করতে আগ্রহী, তাদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, এনসিপির সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, দখলদারত্ব ও মাদকের কোনো সম্পর্ক নেই।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।