৯ মাস পর শুটিংয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি

ব্রেন টিউমারের চিকিৎসা ও দীর্ঘ বিশ্রাম শেষে ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন অভিনেত্রী; শুটিং শেষ, শিগগিরই মুক্তি।
টুইট ডেস্ক: দীর্ঘ নয় মাসের বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ব্রেন টিউমারের সঙ্গে দীর্ঘ লড়াই, অস্ত্রোপচার ও কঠিন চিকিৎসাপ্রক্রিয়া শেষে এবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। নতুন নাটক ‘অংশীদার’-এর মাধ্যমে অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী।
ইতোমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘হ্যাপি কাউ’ নিবেদিত নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইকসান রনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া বৃষ্টির শুটিংয়ের ছবি প্রকাশ করে তাঁকে স্বাগত জানিয়েছেন নির্মাতা। তিনি লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক তানিয়া বৃষ্টি’।
‘অংশীদার’ নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই কেএসআই এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। পরে চিকিৎসা পরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার শনাক্ত হয়। ঢাকায় অস্ত্রোপচারের মাধ্যমে প্রথমে টিউমার অপসারণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে যেতে হয়। সেখানে তাঁর আরও একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়।
দীর্ঘ চিকিৎসা, কঠোর বিশ্রাম এবং কেমোথেরাপিসহ কঠিন চিকিৎসাপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। গত ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছিলেন অভিনেত্রী।
অসুস্থতার কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও অবশেষে সুস্থতার পথে এগিয়ে আবারও নিজের পরিচিত কর্মজগতে ফিরেছেন তানিয়া বৃষ্টি। তাঁর এই প্রত্যাবর্তনে আনন্দিত ভক্ত ও সহকর্মীরা।






