রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি: নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর

রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপন: নিবন্ধনের সময় বাড়ল ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান অধ্যক্ষের।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী কলেজের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রম আগামী ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। এ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর)রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহিম আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং ৩০ অক্টোবর বিকেল ৩টা থেকে ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভাগীয় প্রধানদের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী, কম্পিউটার অপারেটর ও দুজন কর্মচারীর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে রাজশাহী কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে।
সূত্র: রাজশাহী কলেজ পরিবার।





