পল্টন ট্র্যাজেডির বিচার দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি, ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশ থেকে নেতৃবৃন্দ ২৮ অক্টোবরের ঘটনার বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়া, ন্যায়বিচার নিশ্চিত করা এবং রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠার দাবি জানান।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।

মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন ও সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, যুব সেক্রেটারি সালাউদ্দীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধ করা জরুরি। অতীতের কোনো সহিংস ঘটনা যেন বিচারহীনতার কারণে আড়ালে থেকে না যায়, সে জন্য নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তাঁরা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় না নিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দেশে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত ঘটনার বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের প্রতি দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।