নাটোরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৫৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলিচালককে আটক করেছে পুলিশ।

টুইট প্রতিবেদক ছেলের শ্বশুরবাড়িতে বেড়ানো শেষে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গেদি বেগম (৫৬)। নাটোরের নলডাঙ্গায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে পাটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

রোববার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাপাতিল ডাকঘরসংলগ্ন রেলওয়ে সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলিচালক কায়সারকে (৩৭) আটক করেছে নলডাঙ্গা থানা-পুলিশ।

নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার পান্নানগর এলাকার বাসিন্দা। তিনি বাণী ইসরাইলের স্ত্রী।

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের সহকারী ইনচার্জ মাসুদ জানান, পুত্রবধূর সঙ্গে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে নিজ বাড়ি রাজশাহীর দুর্গাপুরে ফিরছিলেন গেদি বেগম। এ সময় তিনি পাটুল থেকে নলডাঙ্গাগামী একটি ব্যাটারিচালিত ভ্যানে যাত্রী হিসেবে ছিলেন।

ভ্যানটি সোনাপাতিল ডাকঘরসংলগ্ন রেলওয়ে সেতুর নিচে পৌঁছালে একই দিক থেকে আসা পাটবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত গাড়িকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় পাটবোঝাই গাড়িটির সঙ্গে ধাক্কা লেগে ভ্যান থেকে সড়কে ছিটকে পড়েন গেদি বেগম। পরে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে নিহতের পুত্রবধূ জানান, শাশুড়িকে নিয়ে তাঁরা নলডাঙ্গায় বেড়াতে এসেছিলেন। রোববার রাজশাহীর দুর্গাপুরে নিজেদের বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তাঁর শাশুড়ি প্রাণ হারান।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, এ ঘটনায় ট্রলিচালককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।