জগন্নাথপুর থানায় ওসি নেই ৩১ দিন, তদন্ত কর্মকর্তা নেই ৪ মাস

চার মাস ধরে শূন্য ওসি তদন্তের পদ, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা।
টুইট ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় ৩১ দিন ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেই। একই সঙ্গে চার মাস ধরে শূন্য রয়েছে ওসি তদন্তের পদ। গুরুত্বপূর্ণ দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় থানার স্বাভাবিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বর্তমানে থানার ওসির দায়িত্ব পালন করছেন উপপরিদর্শক (এসআই) মো. নুর হোসেন। তবে গুরুত্বপূর্ণ দুটি পদে নিয়মিত কর্মকর্তা না থাকায় পুলিশের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত ওসি ও ওসি তদন্ত নিয়োগ দিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর পর্যন্ত জগন্নাথপুর থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন শফিকুল ইসলাম। নিয়মিত বদলির অংশ হিসেবে তাঁকে অন্যত্র পদায়ন করা হলে পদটি শূন্য হয়ে পড়ে। এরপর ৩১ দিন পেরিয়ে গেলেও নতুন ওসি নিয়োগ দেওয়া হয়নি। অন্যদিকে, চার মাস ধরে ওসি তদন্তের পদও শূন্য রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় রাতের বেলায় চুরির উপদ্রব ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে তাঁরা উদ্বিগ্ন। থানার গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন শূন্য থাকায় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নিয়েও তাঁদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাসিম আহমেদ রুয়েল বলেন, থানার গুরুত্বপূর্ণ দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এখনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া স্বস্তির বিষয়। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। দ্রুত ওসি ও ওসি তদন্ত পদে দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দেওয়া প্রয়োজন।
উপজেলার পাইলগাঁও এলাকার বাসিন্দা মো. ইউসুফ আহমেদ শিমুল বলেন, বর্তমানে একজন উপপরিদর্শক ওসির দায়িত্ব পালন করছেন। জগন্নাথপুরের অনেক মানুষ দেশের বাইরে থাকেন। তাঁদের বাড়িঘরে মূল্যবান জিনিসপত্র থাকায় সম্পদের নিরাপত্তা নিয়ে তাঁরা উদ্বিগ্ন থাকেন। দ্রুত দুটি পদে কর্মকর্তা নিয়োগ দিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান তিনি।
এ বিষয়ে থানার ওসির দায়িত্বে থাকা এসআই মো. নুর হোসেন বলেন, থানায় এক মাস ধরে ওসি নেই। এ কারণে তিনি দায়িত্ব পালন করছেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) রাকিবুল হাসান রাসেল জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জগন্নাথপুর থানায় দ্রুত ওসি ও ওসি তদন্ত নিয়োগ দেওয়া হবে।
তবে শূন্য পদ দুটি কবে নাগাদ পূরণ করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। দ্রুত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে থানার কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে—এমন






