আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মন্তব্য হাফিজ উদ্দিন আহমদের, সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থার আমূল সংস্কারের তাগিদ
টুইট ডেস্ক : আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন ছিল। নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, অর্থসম্পদ না থাকলেও জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে—এমন সাধারণ মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনকে কার্যকর পদ্ধতি নির্ধারণের আহ্বান জানান তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের ওপর গুরুত্ব দিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। আগামী স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভোলার প্রাকৃতিক গ্যাস প্রসঙ্গে স্পিকার বলেন, জেলাটিতে বিপুল গ্যাসের মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোলার মানুষের গ্যাসের প্রয়োজন রয়েছে এবং এটি তাদের ন্যায্য অধিকার। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান।
এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্যসচিব রাইসুল আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।






