হেলিকপ্টারে সুন্দরবন দেখে দাকোপ থেকে মোংলায় প্রধানমন্ত্রী

হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা, বন্দরের জেটি ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখবেন তিনি

টুইট ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে খুলনার দাকোপে অবতরণ করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে।

পরে নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে তাঁর বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর ১টায় মধ্যাহ্নবিরতি এবং পৌনে ২টায় ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন।

কর্মসূচি অনুযায়ী, বিকেল ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল সোয়া ৩টায় প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হয়ে সাড়ে ৩টায় সেটি পরিদর্শনের কথা রয়েছে। কর্মসূচি শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।