খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন

টুইট ডেস্ক : খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি খুলনায় পৌঁছান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, দাকোপ থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের মোংলায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা মোংলা’র উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।

দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে তিনি ওয়ার্ডরুমে যাবেন। সেখানে মধ্যাহ্নবিরতির পর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৫টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত পত্রে সফরসঙ্গীদের বিষয়ে তথ্য জানানো হয়েছে। সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করেছে।