দুর্গাপুরে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব, কৃতজ্ঞতা মন্দির কমিটির

শান্তিপূর্ণ উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক নেতাদের প্রতি ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পৌরসভা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ।

দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, পৌরসভা, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং অন্যান্য দপ্তর ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সহযোগিতার কথাও উল্লেখ করেন মন্দির কমিটির নেতারা।

তাঁরা বলেন, সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মনোভাবের কারণে পূজারীরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পেরেছেন।

বিজয়া দশমীতে বিভিন্ন পূজামণ্ডপে পূজা-অর্চনা, দর্পণ বিসর্জন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। ঢাক-ঢোল ও শঙ্খধ্বনির আবহে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এ সময় পূজামণ্ডপগুলোতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের।

উৎসবের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বী নারীরা সিঁদুর খেলায় অংশ নেন। দেবী দুর্গার চরণে সিঁদুর অর্পণের পর তাঁরা একে অপরকে সিঁদুর পরিয়ে দেন এবং পরিবারের সুখ, শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন।

পরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। উৎসবের সমাপ্তিতে ভক্তদের মধ্যে বিদায়ের আবেগ থাকলেও আগামী বছরের দুর্গাপূজাকে ঘিরে নতুন প্রত্যাশা ও অপেক্ষা তৈরি হয়েছে।