পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আরও এক ভিডিপি সদস্যের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন ভিডিপি সদস্য তারা মিয়া। এ নিয়ে একই উপজেলায় পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে দুই ভিডিপি সদস্যের মৃত্যু হলো।

টুইট প্রতিবেদক: গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার দশমীর দিনে পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মো. তারা মিয়া (৫৬) নামে এক গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) সদস্যের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় জানিয়েছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে একই উপজেলায় দুর্গাপূজার দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে দুই ভিডিপি সদস্যের মৃত্যু হলো। এর আগে গত ১৮ অক্টোবর পারভীন বেগম (৪৫) নামে এক নারী ভিডিপি সদস্যের মৃত্যু হয়।

নিহত তারা মিয়া সাদুল্লাপুর উপজেলার মহেশপুর গ্রামের নছিম উদ্দিনের ছেলে। তিনি উপজেলার পূর্ব কিশামত হামিদ সর্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র ও জেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারা মিয়া। পরে তাকে দ্রুত সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরে রংপুরে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে স্বজনরা তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট আবু সোলায়মান জানান, চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তারা মিয়ার মৃত্যু হয়েছে। তার এক ছেলে বাড়ির বাইরে থাকায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজার সময় নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তার পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর একই উপজেলার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা যান নারী ভিডিপি সদস্য পারভীন বেগম। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মফিজল হকের মেয়ে ছিলেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যু সনদের বরাত দিয়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় জানিয়েছে, তিনিও হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর গাইবান্ধার ৬৩২টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। এসব মণ্ডপের নিরাপত্তায় আনসার ও ভিডিপির ৪ হাজার ২ জন নারী-পুরুষ সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি মণ্ডপ ও মন্দিরে দুজন করে নারী আনসার ও ভিডিপি সদস্যও দায়িত্বে রয়েছেন।