সব ধর্মের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও কর্তব্য সমান’—ঢাকেশ্বরী মন্দিরে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: সব ধর্মের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করে দেশের পরিবর্তনে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত এ সভায় সনাতন ধর্মাবলম্বী নেতারা প্রধানমন্ত্রীর কাছে তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও একই চিত্র দেখা গেছে। তাই দেশে সবার অধিকার ও কর্তব্য সমান।
তিনি বলেন, সবার পরিচয় বাংলাদেশি। ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে।
এ সময় রাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না। বিএনপি এ নীতি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও করবে। ধর্মীয় উপাসনালয়গুলো স্বাধীন থাকবে। রাষ্ট্র সবার, আর রাষ্ট্রীয় নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার রয়েছে।





