ইশরাক কেন পদত্যাগ করলেন, সরকারকে ব্যাখ্যা দিতে হবে: নাহিদ ইসলাম

অপরাধের অভিযোগ থাকলে পদত্যাগ নয়, আইনি ব্যবস্থা নেওয়া জরুরি

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কেন পদত্যাগ করেছেন, তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পূর্ব মেরুল বাড্ডার নিমতলা মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নৈতিক কারণে পদত্যাগ করা এক বিষয়, আর ফৌজদারি অপরাধের অভিযোগ থাকা ভিন্ন বিষয়। এর আগে সংরক্ষিত আসনের এক সংসদ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকার পরও তাঁকে গ্রেপ্তার করা হয়নি। ইশরাক হোসেনের অপরাধ কী, সেটিও স্পষ্ট করা হয়নি।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এ ক্ষেত্রে পদত্যাগ কোনো সমাধান নয়।

দেশে মাদকের বিস্তারকে ভয়াবহ উল্লেখ করে নাহিদ ইসলাম দাবি করেন, ইশরাক হোসেন বলির শিকার হয়েছেন। তাঁর বক্তব্য, মাদকের মূল বিক্রি শুরু হয় কক্সবাজার থেকে। অথচ কক্সবাজার স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা হলেও এ বিষয়ে কেউ কথা বলছেন না।