বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন ডিআইজি

মণ্ডপে নিরাপত্তা জোরদার, ৩৯টি পূজামণ্ডপে পুলিশ-আনসার মোতায়েন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম। সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর দিনে বান্দরবান শহরের ঐতিহাসিক রাজার মাঠে কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং আয়োজক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বান্দরবান সম্প্রীতির জনপদ। এখানে পাহাড়ি-বাঙালি সবাই মিলেমিশে উৎসব উদযাপন করেন। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি, সিসিটিভি মনিটরিং ও মোবাইল টিম সক্রিয় রয়েছে। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আগামী ২১ অক্টোবর পর্যন্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর ঘটনার সুযোগ না দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ সময় চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলায় জাঁকজমকপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান ডিআইজি। উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বান্দরবান জেলা পুলিশের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, জেলার ৩৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় পর্যাপ্তসংখ্যক পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

মহাষ্টমী উপলক্ষে রাজার মাঠের কেন্দ্রীয় পূজামণ্ডপে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ক্যাম্পে চর্ম, চক্ষু, দন্ত ও মেডিসিনসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করছেন।

এর আগে জেলা সফরে বান্দরবানে পৌঁছালে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফরহাদ সরদার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জিনিয়া চাকমা; সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ; কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক তপন কান্তি দাশ; বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা।