আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে: প্রধানমন্ত্রী

বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার আহ্বান তারেক রহমানের, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ শহীদের নামটি
টুইট ডেস্ক : বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিরোধী দলকে অযথা বিরোধিতা না করে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) জুলাই স্মৃতিস্তম্ভ ও ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইকে ধারণ করে না বলেই তারা জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি। বিরোধী দল আগের অবস্থানে ফিরে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সব বিষয়ে একমত না হলেও দেশের মানুষের স্বার্থে দ্বিমত পোষণ করার সুযোগ নেই। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের লক্ষ্য একই ছিল।
জুলাই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ ভোটের মাধ্যমে জাতীয়তাবাদী দলকে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল চেনে না। পাশাপাশি হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন তিনি।






