প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শন নিয়ে সমালোচনার মুখে স্বেচ্ছায় পদ ছাড়লেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য

টুইট ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনকে কেন্দ্র করে বিতর্ক ও সমালোচনার দুই দিনের মাথায় সোমবার (১৯ অক্টোবর) তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর সেই আবেদনে সম্মতি দিয়েছেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তিনি গত ১২ ফেব্রুয়ারি শপথ নেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। দায়িত্ব পালনের ধারাবাহিকতায় সাম্প্রতিক ঘটনা নিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় নিজের অবস্থান ব্যাখ্যা করতেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

পদত্যাগের সিদ্ধান্তের বিষয়ে ইশরাক বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় তিনি জানিয়েছেন, তাঁর কারণে যেন সরকার ও প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড ম্লান না হয়। তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও তাঁর মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এর আগে রোববার রাতে ইশরাকের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছিল।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে অংশ নেন ইশরাক হোসেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। এর ধারাবাহিকতায় রোববার তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। সোমবার সংবাদ সম্মেলনে ইশরাক নিজেই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান।