দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার কথা জানালেন তিনি; মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা

টুইট ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সোমবার সকালে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এ তথ্য জানান। একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পরও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক জানান, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বরং বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।

এর আগে রোববার রাতে ইশরাক হোসেনের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ-সংক্রান্ত তথ্যকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করা হয়েছিল।

গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।

এরই মধ্যে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। তবে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা নিজেই জানিয়েছেন ইশরাক। দুপুর ২টায় তাঁর বক্তব্যের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।