জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে

পাঁচ বছরের চুক্তিতে কর্মসংস্থানের সুযোগ, থাকছে শ্রমিকদের আইনি সুরক্ষা ও সমান অধিকার

টুইট ডেস্ক : বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে জাপান সরকারের সঙ্গে নতুন কর্মসংস্থান চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, আগামী ১ এপ্রিল ২০২৭ থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হবে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য চুক্তিটি কার্যকর থাকবে। পরে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছর মেয়াদ বাড়ানোর বিধান থাকায় এর মোট মেয়াদ হবে ১০ বছর।

গত ১৭ অক্টোবর বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। প্রায় এক বছরের আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

চুক্তির আওতায় জাপানে কর্মরত বাংলাদেশিরা দেশটির স্থানীয় শ্রমিকদের সমতুল্য আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদার করাই চুক্তির অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি, উচ্চ বেতনে কাজের সুযোগ এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সম্ভাবনা তৈরি হবে।

চুক্তিতে নারী কর্মীদের অধিকার সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গর্ভাবস্থা বা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরিচ্যুত করা কিংবা বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এসব কারণে তাঁদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতাও রাখা হয়নি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের সময় দুই দেশের মধ্যে চুক্তির অনুলিপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, এ চুক্তির ফলে জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। একই সঙ্গে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং দুই দেশের অর্থনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।