জুলাইকে ধারণ করে না বিরোধী দল, স্মৃতিস্তম্ভ উদ্বোধনে অনুপস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী

বিরোধী দলের ভূমিকা গঠনমূলক হওয়া উচিত মন্তব্য তারেক রহমানের, শহীদ পরিবারকে অবজ্ঞার অভিযোগ

টুইট ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানকে বিরোধী দল ধারণ করে না বলেই জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা উপস্থিত হননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে সহযোগিতা করছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আধুনিকায়ন করা ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। বিরোধী দল সরকারের সমালোচনা করতেই পারে, তবে সেই ভূমিকা গঠনমূলক হওয়া উচিত। বিএনপি একাত্তরের মতো জুলাই গণঅভ্যুত্থানকেও ধারণ করে বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, একই মঞ্চে বসতে আপত্তি থাকলে বিরোধীদলীয় নেতা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে বসতে পারতেন। জনগণের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে এবং বিরোধী দলও সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। এমন অনুষ্ঠানে যোগ না দিয়ে বিরোধী দল শহীদ পরিবারগুলোকেও অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকেরা উপস্থিত ছিলেন।