দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

মক্কার মসজিদে অনৈতিক কাজের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না বাংলাদেশ মিশন, মামলা ও আদালতের রায়ের বিস্তারিত চাওয়া হয়েছে।

টুইট প্রতিবেদক: সৌদি আরবের মক্কায় একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট।

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ, মামলার বিবরণ ও আদালতের রায় সম্পর্কে জানতে চেয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার জেদ্দার পররাষ্ট্র দপ্তরে এ চিঠি পাঠানো হয়। গণমাধ্যমে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানতে চায় বাংলাদেশ।

কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট দুই বাংলাদেশির বিচারপ্রক্রিয়া কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ মিশনকে কোনো কূটনৈতিক চিঠি বা আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বুধবার মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তবে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃতি, বিচারপ্রক্রিয়ার বিস্তারিত বিবরণ এবং আদালতের রায় সম্পর্কে বাংলাদেশ কর্তৃপক্ষ এখনো সৌদি আরবের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়ার পর বাংলাদেশ পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নেবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।