মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, পবিত্র মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁদের এ শাস্তি কার্যকর করা হয়েছে

টুইট ডেস্ক: সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বাসির ও সিথি আকতার। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ঘটনার পর তাঁদের আটক করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগ দাখিল করা হলে বিচারিক প্রক্রিয়ায় তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, পরবর্তী পর্যায়ে উচ্চ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। পরে রাজকীয় অনুমোদনের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র মসজিদের মর্যাদা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।