পাঁচ প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে সরকার

জ্বালানি সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

টুইট প্রতিবেদক: দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। জরুরি জাতীয় চাহিদা পূরণ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৩তম বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত দুটি প্রস্তাব পর্যালোচনা করে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রথম প্রস্তাবে সরকার-টু-সরকার পদ্ধতিতে চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি এবং ট্রাফিগুরা পিটিই লিমিটেডের দাখিল করা এলএনজি সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন চাওয়া হয়।

এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) ও ১০৭(২) বিধি উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে জনস্বার্থ ও জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় সরাসরি এলএনজি কেনার অনুমোদন চাওয়া হয়। এ প্রস্তাবের আওতায় বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড এফজেডই থেকে এলএনজি কেনার পরিকল্পনা রয়েছে।

দ্বিতীয় প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৭, ৯৮ ও ১০৭ বিধির উল্লেখ রয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত উভয় প্রস্তাবের লক্ষ্য দেশের গ্যাস সরবরাহব্যবস্থা সচল রাখা এবং জাতীয় জ্বালানি চাহিদা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

তবে প্রস্তাবগুলোতে এলএনজির মোট পরিমাণ, ক্রয়মূল্য ও সরবরাহের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।