চারঘাটে ভ্যানচালককে কু’পিয়ে ছি’নতাই, মূলহোতাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ভ্যানচালককে চাকু ও হাতুড়ি দিয়ে আঘাত করে ব্যাটারিচালিত ভ্যান, মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত দেড়টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জহিরুল ইসলাম (৩০), মো. সহিদুল ইসলাম (৪২) ও আলমগীর হোসেন (৩৪)।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে চারঘাটের শিশাতলা এলাকায় ভ্যানচালক তফিকুল ইসলাম (৫০) দুই যাত্রীর হামলার শিকার হন। এ সময় তাঁকে চাকু দিয়ে হাতে আঘাত এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়। পরে তাঁর ব্যাটারিচালিত ভ্যান, একটি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।
এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে চারঘাট থানায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে দস্যুতার মামলা করেন। এরপর এসআরবি-৫ সদর কোম্পানি রাজশাহী ছায়াতদন্ত শুরু করে। অভিযানের প্রথমে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িত আলমগীর হোসেন এবং মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত টুটুলকে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআরবি-৫ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার জহিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে আটটি মামলা রয়েছে।






