জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

মিছিল নিয়ে গিয়ে হামলার অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যানের, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ

টুইট ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুর হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে গিয়ে তার বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন জিএম কাদের।

তিনি বলেন, মিছিল নিয়ে এসে তারা আমার বাসার সামনে হইচই শুরু করে। আমার নাম ধরে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। বাড়ির গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারেনি। বাইরে থেকে বাসায় ঢিল ছোড়া শুরু করে। এতে বাড়ির সামনের জানালাসহ বেশ কয়েকটি জায়গায় অনেকগুলো কাচ ভেঙে যায়।

জি এম কাদের বলেন, পরে পুলিশ ও অন্যান্য লোকজন এলে মিছিলকারীরা চলে যায়। কেন হঠাৎ করে এই হামলা হলো তা আমি জানি না। হামলাকারীরা আমাকে ভারতের ও আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, এ হামলা কারা ঘটিয়েছে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। তবে, বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান।

হামলাকারী ব্যক্তিরা কারা তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।