দুই মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি।
টুইট প্রতিবেদক: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে গিয়াস উদ্দিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সচিব পদমর্যাদায় এ নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গিয়াস উদ্দিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা এবং সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি অনুযায়ী যেটি আগে ঘটে। এ সময় তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।






