সপ্তাহব্যাপী গণসংযোগে নামছে এনসিপি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও জননিরাপত্তা নিয়ে প্রতিবাদ; ৩০ অক্টোবর শাহবাগে কর্মসূচি।
টুইট প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগামী ২৩ অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে দলটি। পাশাপাশি ৩০ অক্টোবর শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাকর্মীরা।
রোববার (১১ অক্টোবর) এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলের গণমাধ্যম সেলের পাঠানো বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়টি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সভা সঞ্চালনা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম। এতে দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও অংশ নেবেন।
দুর্গাপূজায় নিরাপত্তা ও সম্প্রীতিতে গুরুত্ব
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করবেন এনসিপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় নির্বাচন
সভায় জানানো হয়, এনসিপির কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে। আগামী ১৩ অক্টোবরের মধ্যে পুনর্গঠিত কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার প্রার্থীদের তালিকা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুতের কাজও দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নতুন কর্মসূচির মাধ্যমে জনসমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে দলটি।






