রবি-দৃষ্টি বিতর্কে চ্যাম্পিয়ন আইএসইউ

ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শিরোপা জয়, শ্রেষ্ঠ বক্তা আইএসইউর লিখন সরকার।
টুইট প্রতিবেদক: যুক্তি, মেধা ও বিশ্লেষণী দক্ষতার প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব দেখিয়ে রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।
ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয় বিশ্ববিদ্যালয়টির বিতার্কিকেরা। একই প্রতিযোগিতায় ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন আইএসইউর শিক্ষার্থী লিখন সরকার।
গত শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত এ প্রতিযোগিতায় সারা দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ‘দুর্বল ব্যাংকগুলোকে রাষ্ট্রীয় সহায়তায় টিকিয়ে না রেখে ব্যর্থ হতে দেওয়া উচিত।’ এ বিষয়ে সরকারি দল হিসেবে অংশ নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, বিরোধী দলের অবস্থানে থেকে যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করে আইএসইউ। প্রাণবন্ত বিতর্কে প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিশ্ববিদ্যালয়টি।
চ্যাম্পিয়ন আইএসইউ দলের তিন সদস্য হলেন রাহি রহমান, লিখন সরকার ও সাকিব হাসান সিফাত। তাঁদের মধ্যে লিখন সরকার ফাইনালে ব্যক্তিগত দক্ষতার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ বক্তার সম্মাননা অর্জন করেন।
আইএসইউর উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এ অর্জন বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষার্থীদের মেধা, যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটেছে এ সাফল্যে।
তিনি আরও আশা প্রকাশ করেন, এ অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত হবেন।
এদিকে, স্কুল পর্যায়ের ফাইনালে বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও বিতর্ক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। শেষ পর্বে অতিথিরা বিজয়ী দল ও কৃতী বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দেন।






