দিল্লিতে বিক্ষোভের পর মুক্তি পেলেন দীপকসহ সিজেপির তিন নেতা

ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রতিবাদ ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন, শান্তি ভঙ্গ না করার শর্তে জামিন

টুইট ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতাকে মুক্তি দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) দিল্লি ক্যান্টনমেন্ট থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দেওয়া হয়। দলটির আইনবিষয়ক প্রধান রত্না সিং এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, এক বছর শান্তি ভঙ্গ হতে পারে—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তাঁদের জামিন দেওয়া হয়েছে।

নেতাদের মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সিজেপি দিল্লি পুলিশের সমালোচনা করে। দলটি জানায়, শেষ পর্যন্ত তাদের তিন নেতাকে মুক্তি দিতে হয়েছে।

ভারতের ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে দুই দিনব্যাপী আন্দোলনের ডাক দিয়েছিল সিজেপি। শনিবার আন্দোলনের প্রথম দিনে দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজ থেকে তাঁদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরদিন তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

আন্দোলন ঘিরে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে যাওয়ার পথগুলো বন্ধ করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। ফলে সেখানে মূল জমায়েত বাধাগ্রস্ত হলে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে ভাগ হয়ে প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজনীতিক ও সমাজকর্মীসহ তিন হাজারের বেশি আন্দোলনকারীকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে অনেককে রাতেই ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ইউটিউবভিত্তিক রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠীও ছিলেন, যিনি ভারতের ক্ষমতাসীন জোটের সমালোচক হিসেবে পরিচিত।