বাংলাদেশকে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ প্রমাণের চেষ্টা করেছিল আওয়ামী লীগ: স্পিকার

আইপিইউ সম্মেলনে বাংলাদেশের সাফল্যের কথা জানালেন হাফিজ উদ্দিন আহমদ, শেখ হাসিনাকে ফেরাতে দ্বিপক্ষীয় আলোচনার উদ্যোগ

টুইট ডেস্ক: বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনকারী দেশ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে তাদের সেই অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (১১ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার জানান, আইপিইউ সম্মেলনে বাংলাদেশ বিরল সাফল্য অর্জন করেছে। আগামী এক বছরের জন্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নেতৃত্ব দেবেন তিনি।

তিনি আরও বলেন, শ্রমিকদের দুর্ভোগ কমানোর বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা হয়েছে। এ ছাড়া নারী সংসদ সদস্যদের ফোরাম ও তরুণ সংসদ সদস্যদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্পিকার জানান, এ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা হতে পারে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।

আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ, শ্রমিকদের অধিকার এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনার বিষয়গুলো তুলে ধরে স্পিকার তাঁর বক্তব্য দেন।