রাজশাহীতে ভবন নির্মাণে ডেভেলপার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর লক্ষ্মীপুরে আবাসিক ভবন নির্মাণে অনুমোদিত নকশা লঙ্ঘন, জমির সীমানা দখলের চেষ্টা এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেডের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগের পর নির্মাণাধীন ভবনটির কাজের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। শুনানির জন্য উভয় পক্ষকে নোটিশও দেওয়া হয়েছে।
অভিযোগকারী মো. ফিরোজ লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে। তাঁর অভিযোগ, লক্ষ্মীপুরের টিভি রোড এলাকায় তাঁদের পারিবারিক জমির পাশে ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেডের ‘আব্দুর রহমান ড্রিম প্যালেস’ প্রকল্পের ভবন নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজে অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণবিধি লঙ্ঘন করে সিঁড়ির অংশ বর্ধিত করা হয়েছে। পাশাপাশি তাঁদের জমির সীমানার ভেতরে প্রায় দুই ফুট জায়গা দখলের চেষ্টা চলছে।
ফিরোজের দাবি, নকশা অনুযায়ী নির্মাণকাজ করার অনুরোধ জানালেও তা মানা হয়নি। এ নিয়ে আপত্তি জানালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. শামীম, আব্দুর রহমানের ছেলে মতিন, বদিউজ্জামান ও মতিনের ছেলে সাব্বির তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ এবং ভয়ভীতি দেখান। তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রাজপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফিরোজ।

আরডিএর ইমারত পরিদর্শক মো. রায়হান বলেন, ঘটনাস্থল ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়েছে। কর্তৃপক্ষের অথরাইজড কর্মকর্তা রায়হানুল ইসলাম রনির স্বাক্ষরে নির্মাণকাজে সাময়িক নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ জারি করা হয়েছে। শুনানির জন্য দুই পক্ষকেও জানানো হয়েছে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ড্রিম ঢাকা প্রোপার্টি লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক সানি বলেন, “আমরা আরডিএর সব নিয়ম মেনেই ভবন নির্মাণ করছি। এখানে কোনো অনিয়ম হয়নি।”






