বিটিএলএর নতুন নেতৃত্বে রমিজউদ্দিন ও মাজম আলী

২০২৬-২০২৯ মেয়াদের নতুন কমিটি ঘোষণা, কর আইনজীবীদের পেশাগত মর্যাদা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়ার ঘোষণা সভাপতির।

টুইট ডেস্ক: বাংলাদেশে ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রমিজউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাজম আলী খান। ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবে ৩১ সদস্যের এই কমিটি।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকার ট্যাক্সেস বার হলরুমে অনুষ্ঠিত সংগঠনটির ৩৯তম সাধারণ সভায় নতুন নেতৃত্বের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

১১ সহসভাপতি নির্বাচিত

নতুন কমিটিতে ১১ জন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ঢাকা ক্যাপিটাল সিটির সৈয়দ আবদুন নূর, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের আলহাজ মো. মুসা, ঢাকা বিভাগের মো. শামসুর রহমান খান, চট্টগ্রাম বিভাগের মোস্তফা কামাল মনসুর, খুলনা বিভাগের অ্যাডভোকেট খান মনিরুজ্জামান, রাজশাহী বিভাগের মো. মুনতাসির মামুন, বরিশাল বিভাগের এস এম এনায়েত করিম, সিলেট বিভাগের আবুল ফজল, কুমিল্লা বিভাগের হোসেইন আহমেদ শাহজাহান, ময়মনসিংহ বিভাগের মোহাম্মদ রুহুল আমিন এবং রংপুর বিভাগের কাজী মোস্তাফিজুর রহমান।

কমিটিতে অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবু নাসের মজুমদার। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন নুরুল্লাহ ভূঁইয়া বেলাল।

বিভিন্ন পদে নতুন নেতৃত্ব

সহসাধারণ সম্পাদক পদে ১১ জন নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ঢাকা ক্যাপিটাল সিটির এ টি এম রাশেদ বাবু, চট্টগ্রামের মো. ইমাম উদ্দিন, ঢাকা বিভাগের মো. জাহাঙ্গির আলম খান, চট্টগ্রাম বিভাগের মো. সারওয়ার আলম ভূঁইয়া, খুলনা বিভাগের মো. আমিনুর রহমান, রাজশাহী বিভাগের আমিরুল হাসান রতন, বরিশাল বিভাগের রাজিউল কবির, সিলেট বিভাগের মো. মিজানুর রহমান (মিঠু), কুমিল্লা বিভাগের মো. আবুল হাসেম রতন, ময়মনসিংহ বিভাগের রাকিবুল আহসান এবং রংপুর বিভাগের মজমুল হোসেন প্রামাণিক।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোলায়মান, আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক আশরাফ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক এম এ হালিম মন্টু, তথ্য ও প্রচার সম্পাদক মো. নূর নবী পাটোয়ারী এবং দপ্তর সম্পাদক মো. জামাল উদ্দিন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন কমিটিতে দেশের বিভিন্ন কর আইনজীবী সমিতির প্রতিনিধিত্ব রয়েছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, লক্ষ্মীপুর, শেরপুর, রংপুর ও লালমনিরহাটের কর আইনজীবী সমিতি থেকেও বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে ৪২ হাজারের বেশি কর আইনজীবী রয়েছেন।

পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের উদ্যোগ

বিটিএলএর পুনর্নির্বাচিত সভাপতি রমিজউদ্দিন আহমেদ বলেন, দ্বিতীয় মেয়াদে তাঁকে সভাপতি নির্বাচিত করায় দেশের সব কর আইনজীবীর প্রতি তিনি কৃতজ্ঞ। পেশাজীবনের শেষ পর্যায়ে সহকর্মীদের কল্যাণে অভিভাবকের ভূমিকা পালন করতে চান তিনি।

তিনি বলেন, কর আইনজীবীদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য নতুন কমিটি কাজ করবে। এ ক্ষেত্রে সংগঠনের সব সদস্যের সহযোগিতাও কামনা করেন তিনি।

রমিজউদ্দিন আহমেদ আরও বলেন, রাজস্ব ব্যবস্থাপনায় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কর আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে যৌথভাবে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি করদাতাদের স্বার্থ সুরক্ষায় ভূমিকা রাখতে চায় সংগঠনটি।

সভাপতি জানান, বিটিএলএর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে তাঁর প্রচেষ্টায় এনবিআর চেয়ারম্যানের কাছ থেকে সংগঠনটির কার্যালয়ের সঙ্গে ব্যবহারের জন্য আরও একটি কক্ষ বরাদ্দ পাওয়া গেছে।

নতুন কমিটি কর আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।