রাবিতে সাংবাদিক মারধর: ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

আরও ৪ জনের বিরুদ্ধে অধিকতর তদন্ত, ৩ শিক্ষার্থীকে সতর্ক করার সুপারিশ; মামলা না হওয়া পর্যন্ত প্রশাসনের সংবাদ বয়কটের ঘোষণা সাংবাদিকদের।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। এ ছাড়া চার শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ যাচাইয়ে অধিকতর তদন্ত এবং তিন শিক্ষার্থীকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম তাঁর সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের সামনে তদন্ত প্রতিবেদনের সুপারিশগুলো তুলে ধরেন।
তদন্ত প্রতিবেদনে অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় ছাত্রদল নেতা আহসান হাবিব, আরিফুল ইসলাম, হাসিবুল হাসান ও বিশাল চক্রবর্তীর ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, বুলবুল রহমান, শরিফুল ইসলাম ও শাহরিয়ার আলমকে সতর্ক করার সুপারিশ করা হয়েছে। এ ছাড়া রাকিবুল ইসলাম, তাকবির আহমেদ ইমন, সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ যাচাইয়ে অধিকতর তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
গত ৪ অক্টোবর, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের সামনে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা এ হামলায় জড়িত ছিলেন।
ঘটনার পরদিন ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই দিন উপাচার্য ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর শুক্রবার সকালে প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন প্রকাশের পর ক্যাম্পাসের সংবাদকর্মীরা জানান, তদন্ত প্রতিবেদনে যাঁদের নাম এসেছে, তাঁদের বিরুদ্ধে কর্তৃপক্ষ মামলা না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংবাদ বয়কট কর্মসূচি অব্যাহত থাকবে।
একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করায় উপাচার্যকে ধন্যবাদ জানান সংবাদকর্মীরা।






