রাজশাহীতে ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারীরা

রাসিকের অভিযানে ফিরেছে হাঁটার পরিবেশ, পুনর্দখল ঠেকাতে নিয়মিত নজরদারির দাবি

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন পর ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনের সড়কে। দোকানপাট ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়ায় এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন পথচারী, শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্করা। ফুটপাত ব্যবহার করতে পারায় সড়কের ওপর পথচারীদের চাপও কমেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ৬ অক্টোবর সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। দড়িখরবোনা মোড় থেকে রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া পর্যন্ত এবং বাটার মোড় ও নিউমার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের আগে মহিলা কলেজের সামনের ফুটপাতের বড় অংশ দোকানপাট ও অস্থায়ী স্থাপনার দখলে ছিল। ফলে ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ না পেয়ে পথচারীদের সড়ক ব্যবহার করতে হতো। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি যান চলাচলেও বিঘ্ন ঘটত।

অভিযানের পর ফুটপাতের চিত্র বদলেছে। পথচারীরা এখন স্বাভাবিকভাবে ফুটপাত দিয়ে চলাচল করতে পারছেন। এতে সড়কের ওপর চাপ কমেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহনচালকরা।

স্থানীয় নাগরিক শরিফুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর ফুটপাতটি নাগরিকদের চলাচলের উপযোগী হয়েছে। আগে দোকানপাটের কারণে হাঁটার পরিবেশ ছিল না। বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হতো। এ উদ্যোগের জন্য রাসিক প্রশাসককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ফুটপাত যেন আবার দখল না হয়, তা নিশ্চিত করতে হবে।

স্থানীয় নারী নাইমা জান্নাত বলেন, ফুটপাত দখল থাকায় নারী, শিশু ও বয়স্কদের গাড়ির পাশ দিয়ে চলাচল করতে হতো, যা ছিল ঝুঁকিপূর্ণ। এখন নিরাপদে হাঁটা যাচ্ছে। নগরীর অন্যান্য এলাকার ফুটপাতও দখলমুক্ত করার দাবি জানান তিনি।

রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা খাতুন বলেন, কলেজে আসা-যাওয়ার সময় আগে ফুটপাত ব্যবহার করতে পারতেন না। সড়ক দিয়ে হাঁটতে গিয়ে ভয় লাগত। এখন সহজেই ফুটপাত দিয়ে চলাচল করা যাচ্ছে। ভবিষ্যতেও ফুটপাত দখলমুক্ত রাখার দাবি জানান তিনি।

এক রিকশাচালক বলেন, ফুটপাত দখল থাকায় পথচারীরা সড়কে হাঁটতেন। দোকানের সামনে রিকশা-ভ্যান দাঁড়িয়ে থাকায় যান চলাচলে চাপ তৈরি হতো। এখন পথচারীরা ফুটপাত ব্যবহার করায় সড়কে চাপ কিছুটা কমেছে। তবে অভিযান শেষে যেন আবার ফুটপাত দখল না হয়, সে জন্য নিয়মিত নজরদারি প্রয়োজন।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। ফুটপাত পথচারীদের জন্য; সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ বা ব্যবসা পরিচালনার সুযোগ নেই। নগরীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলছে। উচ্ছেদের পর পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।