বিশেষ সম্মাননা মহানগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা । নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার প্রত্যয়; ফুটপাত দখলমুক্তকরণসহ নগর উন্নয়নে নানা উদ্যোগ।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে বিশেষ সম্মাননা অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। অর্জিত এই সম্মাননা রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করেছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী সিটি করপোরেশনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে নগর ভবনের সিটি হলরুমে শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণে অর্জিত বিশেষ সম্মাননা উপলক্ষে আয়োজিত ‘অংশীজন সম্মিলন’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে বিশেষ সম্মাননা হিসেবে অর্জিত ক্রেস্ট ও সনদপত্র আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে অর্জিত এই সম্মাননা একটি অনন্য স্বীকৃতি। এ অর্জন ভবিষ্যতে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে সংশ্লিষ্টদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

মাহফুজুর রহমান রিটন বলেন, ‘এটি আমাদের স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মীসহ সংশ্লিষ্ট সবার নিরলস পরিশ্রমের ফল। আমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

একই সঙ্গে এ কার্যক্রমে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য নগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘অর্জিত এই বিশেষ সম্মাননা আমি রাজশাহী মহানগরবাসীকে উৎসর্গ করছি।’

অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, ২০০৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধনে সন্তানের পিতার নামের পাশাপাশি মাতার নাম যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে।

নগর উন্নয়ন প্রসঙ্গে প্রশাসক বলেন, ফুটপাত দখলমুক্ত করতে ইতোমধ্যে মহিলা কলেজ রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। নাগরিক ভোগান্তি কমাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নগরীর প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণ, খেলার মাঠের উন্নয়ন, ফুটসাল গ্রাউন্ড তৈরি, দৃষ্টিনন্দন সিটি গেট নির্মাণ, যানজট নিরসন এবং অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনাসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগরীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, বাসযোগ্য, নিরাপদ ও শান্তির মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য রাজশাহী মহানগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি,’ বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম।

কাউন্সিলরদের পক্ষে ২৫ ও ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, নিবন্ধকদের পক্ষে ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ হোসেন, ১৫ নম্বর ওয়ার্ড সচিব ওবাইদুর রহমান এবং ইপিআই স্টোরকিপার ফিরোজা বেগম রেখা বক্তব্য দেন।

রাসিকের সচিব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া অনুষ্ঠানে রাসিকের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, টিম লিডার, স্বাস্থ্য সহকারী, অন্যান্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।