দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান

২২ অক্টোবর পর্যন্ত বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার।

টুইট প্রতিবেদক: দুর্গাপূজাকে সামনে রেখে কেনাকাটার সুযোগ বাড়াতে দেশের দোকানপাট, বিপণিবিতান ও বিপণিকেন্দ্র রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত এই সময়সূচি কার্যকর থাকবে।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

তবে ২৩ অক্টোবর থেকে আবার আগের সময়সূচি কার্যকর হবে। তখন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নিয়ম বহাল থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার দুর্গাপূজার কেনাকাটার কথা বিবেচনায় নিয়ে দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছিল বাংলাদেশ দোকান মালিক সমিতি। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে সংগঠনটি ব্যবসায়ীদের বর্তমান আর্থিক সংকটের কথা তুলে ধরে সময় বাড়ানোর অনুরোধ জানায়।

ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে দোকানপাটে বেচাকেনা কম। ঈদ ও দুর্গাপূজার মতো উৎসবকেন্দ্রিক সময়ে সাধারণত কেনাকাটা বাড়ে। তাই এসব সময়ে দোকান খোলা রাখার সময় বাড়ানো হলে ব্যবসায়ীরা কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এর আগে দোকান ও বিপণিবিতান বন্ধের সময় কয়েক দফা পরিবর্তন করা হয়। মধ্যপ্রাচ্যের সংকটের পর জ্বালানি সংকট তীব্র হলে গত এপ্রিলে সন্ধ্যা ছয়টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। পরে সময় বাড়িয়ে সন্ধ্যা সাতটা করা হয়। কোরবানির ঈদের আগে আবার সময়সূচিতে ছাড় দেওয়া হয়েছিল।

সর্বশেষ গত ১২ আগস্ট দোকানপাট ও বিপণিবিতান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিজ্ঞাপনফলক বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

নতুন সিদ্ধান্তের ফলে দুর্গাপূজার আগে কেনাকাটার জন্য ক্রেতারা বাড়তি সময় পাবেন। একই সঙ্গে উৎসবকেন্দ্রিক বেচাকেনা বাড়িয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কিছুটা স্বস্তি দেওয়ার সুযোগ তৈরি হবে।